১৬ জুন, ২০২৬
হতাশ হওয়ার মতোই স্কোরলাইন। কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য অপ্রত্যাশিত ড্র। বিশ্বকাপে এমন শুরুতে স্বভাবতই হতাশ স্পেন। ম্যাচ শেষে আফসোস লুকাননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও। তবে এই ফল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণও দেখছেন না স্প্যানিয়ার্ডদের বস।
ডিএজেডএন’কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। অনেক সুযোগ তৈরি করেছি। প্রতিপক্ষকে চাপেও রেখেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আরও পরিষ্কার সিদ্ধান্ত ও আক্রমণে ধার দেখাতে পারিনি।’
স্পেন কোচের মতে, তার দল সঠিক পথেই রয়েছে। ফলাফল হতাশাজনক হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন। তিনি বলেন, ‘আমি শান্ত আছি। জয়ের জন্য যা যা করার প্রয়োজন ছিল, আমরা সবই করেছি। আমি নিশ্চিত, সামনের ম্যাচগুলোতে আমরা আরও উন্নতি করব।’
প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে পড়লেও স্প্যানিশ শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। সুযোগ সৃষ্টি করার সক্ষমতা ধরে রেখে ফিনিশিংয়ে উন্নতি করতে পারলে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা—এমনটাই বিশ্বাস কোচ দে লা ফুয়েন্তের।