আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬ জুন, ২০২৬

মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মাথায় বেলজিয়ামের ত্রাণকর্তা হয়ে উঠলেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। তার তৈরি করা চাপের মুখে পড়ে নিজেদের জালে বল জড়িয়ে বসলেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি।

আর এই আত্মঘাতী গোলের সুবাদেই মিসরের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় আত্মঘাতী গোলের ঘটনা।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটে ইমান আশুরের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। গোল শোধে মরিয়া বেলজিয়াম দ্বিতীয়ার্ধে মাঠে নামায় অভিজ্ঞ রোমেলু লুকাকুকে। ম্যাচের ৬৬ মিনিটে ডি-বক্সের ভেতর লুকাকুকে বল পাওয়া থেকে আটকাতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল ঠেলে দেন মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি।

এই আত্মঘাতী গোলের পর ম্যাচে এখন ১-১ সমতা বিরাজ করছে। দুই দলই এখন জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে।