১৬ জুন, ২০২৬
দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শামীম কায়সার তার প্রশ্নে জানতে চেয়েছিলেন—দেশের সব সংসদ সদস্যের দাপ্তরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্দিষ্ট জায়গার দাবি জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদকে জানিয়েছিলেন, সরকার জাতীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে। ওই দিনই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে উপজেলায় সংসদ সদস্যদের জন্য দাপ্তরিক কার্যালয় বা অফিসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।