মাদারীপুর সদর হাসপাতালে মাঝপথে লিফট বিকল, ১০ রোগী ও স্বজন উদ্ধার

১৭ জুন, ২০২৬

 

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের একটি লিফট বিকল হয়ে ১০ জন রোগী ও স্বজন আটকা পড়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ১০ মিনিট পর অবরুদ্ধদের নিরাপদে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের প্রধান ভবনের একটি লিফটে এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. অখিল সরকার জানান, লিফটে আটকে পড়াদের মধ্যে তার এক আত্মীয় ছিলেন। তিনি ফোনে বিষয়টি জানালে দ্রুত লিফটম্যান ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ডা. অখিল সরকার আরও বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি সংশ্লিষ্টদের অবহিত করি। প্রায় ১০ মিনিটের মধ্যে লিফটম্যান এসে কারিগরি সহায়তায় লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা রোগী ও স্বজনদের নিরাপদে বের করে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।’