আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৭ জুন, ২০২৬

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দলের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। 

আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশে গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের অনামিকা আঙুলে চোট পাওয়ায় মার্তিনেজকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৩৩ বছর বয়সি গোলকিপার সুস্থ হয়ে উঠেছেন এবং আগামীকাল একাদশে থাকবেন। 

রাইটব্যাক পজিশন নিয়ে কিছুটা সংশয় আছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোট কাটিয়ে উঠেছেন। আগামীকালের ম্যাচে একজন শুরু করতে পারেন, তবে ম্যাচের কোনো এক পর্যায়ে অন্যজনকেও মাঠে দেখা যেতে পারে।

সেন্টারব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা অনেকটাই নিশ্চিত। একাদশে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজও। তবে লিসান্দ্রো ঠিক কোন পজিশনে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। যদি একাদশে নিকোলাস ওটামেন্ডি থাকেন, তাহলে লিসান্দ্রো মার্তিনেজকে লেফট ব্যাকে দেখা যাবে। আর ওতামেন্ডি না থাকলে, লিসান্দ্রো খেলবেন সেন্টারব্যাক হিসেবে, আর লেফট ব্যাকে দেখা যাবে ফাকুন্দো মেদিনাকে।   

 

 

মিডফিল্ডে কোনো চমক থাকছে না। যথারীতি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেই ভরসা রাখছেন স্কালোনি। তাদের সঙ্গী হিসেবে থাকবেন থিয়াগো আলমাদা। 

আর আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে মার্তিনেজের প্রতিদ্বন্দ্বী হুলিয়ান আলভারেজ সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে উঠেছেন। তাকেও শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। 

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাতারো মার্তিনেজ।