১৭ জুন, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুটি মারা গেছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু নিয়ে সাতকানিয়ার কেরানীরহাট যাচ্ছিলেন বাবুল।
রাতের বেলায় মহাসড়ক দিয়ে গরুগুলো নিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ঈগল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন বাবুল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ঘটনাস্থলেই দুটি গরুর মৃত্যু হয়। বাকি দুটি গরু আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী মারা গেছেন। আমরা দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত করেছি।
বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।