১৭ জুন, ২০২৬
মাদকের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি আয়োজন করেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি' স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন ব্যাচের (৫৫তম) শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করেন এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানের আয়োজক এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম বলেন, আমরা যদি সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, জনসচেতনতা তৈরি করি এবং মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে পারি তাহলে মাদকে রুখে দেওয়া সম্ভব। বাংলাদেশ সরকার বর্তমানে বিভিন্ন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং দমনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সমাজের তরুণদের একত্রিত হয়ে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে। তরুণদের সচেতনতাই মাদককে রুখে দিতে পারে।