সুন্দরবন থেকে লোকালয়ে অজগর, ছাগল গিলে খাওয়ার ভিডিও ভাইরাল

১৮ জুন, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি অজগর সাপ আস্ত ছাগল গিলে খাওয়ার রোমাঞ্চকর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে বাঁধা কালো রঙের ছাগলটির পুরো শরীর পেঁচিয়ে মুখের দিক থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশাল এক অজগর। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে শিকার ছেড়ে বনের মধ্যে চলে যায় অজগরটি।

ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ধানসাগর ফটেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির নিকটবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বটতলা গ্রামে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বন বিভাগ ও স্থানীয়রা।

জানা যায়, বটতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিকালের দিকে তার ছাগলটি বাড়ির পাশের ভোলা নদীর তীরবর্তী ঝোপের আড়ালে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। সন্ধ্যার কিছু আগে হঠাৎ ছাগলটির অস্বাভাবিক ডাক শুনে তিনি সেখানে তিনি দ্রুত ছুটে যান। গিয়ে দেখতে পান, বিশাল এক অজগর সাপ ছাগলটির শরীর পেঁচিয়ে ধরেছে এবং মাথার দিক থেকে প্রায় অর্ধেক পরিমাণ গিলে খেয়েছে।

ভয়ঙ্কর এই দৃশ্য দেখে রফিকুল ইসলাম তখন চিৎকার করে ডাকতে থাকেন আশপাশের লোকজনকে। এসময় গ্রামের লোকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রত্যক্ষ করেন বিরল এই দৃশ্যটি। 

অজগরটি তখন ছাগলটির প্রায় অর্ধেক শরীর গিলে ফেলেছিল। মানুষের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে সাপটি শিকার ছেড়ে দেয়। একপর্যায়ে লোকজনের হাকডাকে ছাগলটি ছেড়ে ধীরগতিতে পাশের ভোলা নদী পার হয়ে সুন্দরবনে চলে যায় অজগরটি। অজগরটি চলে যাওয়ার পর দেখা যায় ছাগলটি আর বেঁচে নেই। 

খবর পেয়ে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের অজগর সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সুন্দরবন থেকে অজগরটি ভোলা নদী পার হয়ে অজগরটি লোকালয়ে চলে আসে।