১৮ জুন, ২০২৬
এবারের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলোর একটি চলছে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে। ‘এল’ গ্রুপের ম্যাচে একে অপরকে মোকাবেলা করছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের জোড়া গোলের পরও ২-২ ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে গেছে ক্রোয়েশিয়া।
এদিন ম্যাচের নবম মিনিটে নিজেদের বক্সে মাদুয়েকে ফাউল করেন লুকা মদ্রিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিকে হ্যারি কেইনকে বাঁ দিকে ঝাপিয়ে আটকেও দেন ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। যদিও ইংলিশ স্ট্রাইকার শট নেওয়ার আগে টাচ লাইন অতিক্রম করেন গোলকিপার। দ্বিতীয়বার পেনাল্টি নিতে এসে একই দিকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন কেইন।
১৫ মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে যান ক্রোয়েশিয়ান মিডফিল্ডান ইভান পেরেসিচ।
তবে শট নেওয়ার আগে তাঁকে অস্বস্তিতে রাখেন রিস জেমস। এরপর দৌড়ে এসে টোকায় বল ক্লিয়ার করেন বেলিংহাম। রক্ষণ সামলানোর খানিক পর মধ্যমাঠ দিয়ে আক্রমণে ওঠেন ইংলিশ মিডফিল্ডার, তবে প্রতিপক্ষের বিপৎসীমায় ঢুকেও শট নিতে পারেননি তিনি।
পিছিয়ে পড়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে দলটির আক্রমণগুলো ইংল্যান্ডের রক্ষণ দেয়াল বেশিরভাগ টপকাতে পারেনি।
৩২ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন মাদুয়েকে। তবে এই উইঙ্গারের ক্রসে শট নিতে গিয়ে মাটিতে পড়ে যান বেলিংহাম। লিড দ্বিগুণের ভালো সুযোগ হারায় ইংল্যান্ড।
৩৬ মিনিটে কয়েকজনকে কাটিয়ে আক্রমণে উঠে মার্তিন বাতুরিনাকে বল বাড়ান পিচার সুচিচ। বক্সে থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার শট না নিয়ে কাটব্যাক দেন সুচিচকেই। এরপর দারুণ এক গতিময় শটে গোলকিপার পিকফোর্ডের মাথার উপর দিয়ে জালে বল জড়ান সুচিচ। ফিস্ট করার চেষ্টা করেও বল রুখতে পারেননি এভারটনে খেলা ৩২ বছর বয়সী গোলকিপার।
সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোয়েশিয়ার। ৬ মিনিট পর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান কেইন। ম্যাচে তার জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার অপেক্ষায় ছিল ইংল্যান্ড।
তবে আরো একবার পিছিয়ে পড়ে সমতায় ফেরে ক্রোয়াটরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মারিও পাসালিচের বাড়ানো লং বলে ব্যাক হেড নেন পেরেসিচ। সেখান থেকে সাইড ভলিতে গোলকিপার পিকফোর্ডকে পরাস্ত করেন মুসা। ২-২ গোলের সমতায় বিরতি যায় দুই দল।