১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী মারা গেছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে রাজধানী থেকে বেড়াতে এসে সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে কায়েস ও মেরাজ তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জুন-২ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টা তল্লাশির পর নদী থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব হাসান আনুষ্ঠানিকভাবে তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জুন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি বলেন, সাতজন শিক্ষার্থী একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় দুইজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নদীর তীরে জড়ো হওয়া স্থানীয়দের মাঝেও শোক ও বিষাদের পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় গোসল বা সাঁতার কাটতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির দাবি জানান।