চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদা ইয়াসমিন

১৮ জুন, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমন, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য দেখিয়ে কর্মক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিলেন চট্টগ্রামের মিরসরাই থানার প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে ফরিদা ইয়াসমিনের হাতে সম্মাননা তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিভিন্ন অভিযানে মাদক উদ্ধার, ডাকাতির মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে সাফল্য আসে।

এছাড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।