সহকারী অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

১৮ জুন, ২০২৬

সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সরকারি আলিয়া মাদরাসায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

নির্ধারিত সময়ে তথ্য না পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ জুন) এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং সরকারি আলিয়া মাদরাসাগুলোর সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য হালনাগাদ না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে গত ১১ জুনের মধ্যে সব সরকারি কলেজ (২০১৮ বিধির আওতাভুক্ত কলেজ ব্যতীত) এবং সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক পর্যায়ের শূন্যপদের তথ্য নির্ধারিত গুগল ফরমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। 

একই সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজগুলোকে পৃথক লিংকের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়। তবে অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠায়নি। ফলে মন্ত্রণালয়ের নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগামী ১৮ জুনের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য নির্ধারিত গুগল ফরমে বাধ্যতামূলকভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সহকারী অধ্যাপক পদ থেকে পদোন্নতি পেয়ে ইনসিটু হিসেবে কর্মরত কর্মকর্তাদের পদ কোনো অবস্থাতেই শূন্য হিসেবে দেখানো যাবে না।

এছাড়া ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে এবং এর ফলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকেই দায়ভার বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।