১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সজিব সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার বাসিন্দা এবং হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত “এভারগ্রিন” মাদক নিরাময় কেন্দ্রের মালিক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গত ৪ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার “এভারগ্রিন” মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ফয়জল (৫৫) নির্যাতনের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়।
ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি গোলাম সারোয়ার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।