১৯ জুন, ২০২৬
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আবু জাফর আল মুনছুর (৪৩) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী চিনিকল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার বিকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন আবু জাফর আল মুনছুর। ছোট বটতলী এলাকায় হোসেন ফিলিং স্টেশন থেকে প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।