গোবিপ্রবিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

১৯ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বর থেকে এ র‍্যালি শুরু হয়।

এ সময় ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পাশাপাশি ব্রাজিলর পক্ষে বিভিন্ন স্লোগান এবং আসন্ন ম্যাচগুলোতে দলের সাফল্য কামনা করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং রেজিস্ট্রার মো. এনামুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

বিশেষভাবে নজর কাড়ে ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের উচ্ছ্বাস। অনেকেই মুখমণ্ডল, হাত ও শরীরের বিভিন্ন অংশে ব্রাজিলের পতাকা ও জাতীয় রঙ এঁকে র‍্যালিতে অংশগ্রহণ করে। হলুদ-সবুজের সমারোহে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

র‍্যালিতে অংশগ্রহণকারী সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বেলাল মিয়া কাজী বলেন, ‘গোবিপ্রবিতে ফিফা বিশ্বকাপ উপলক্ষে যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে, তার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও স্বপ্নের নাম। একজন ব্রাজিল সমর্থক হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমি আশা করি ব্রাজিল তাদের ঐতিহ্য, দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে অসাধারণ পারফরম্যান্স করবে এবং ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দলটি বিশ্ব ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে আমি বিশ্বাস করি।’

ব্রাজিলকে শুভকামনা জানিয়ে র‍্যালিতে অংশগ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সাপোর্টার অনেক আগে থেকেই। আমরা আশাবাদী আমার মত এখানে আরও যারা সাপোর্টার আছে ইন্ড অফ দ্য ডে উই উইল বি দ্য উইনার।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলা এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই এ আয়োজন করা হয়েছে। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপ উৎসবকে আনন্দের সঙ্গে উপভোগ করার আহ্বান জানান।