১৯ জুন, ২০২৬
ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি ট্রেন সান্তাহার জংশনে পৌঁছালে ট্রেনটির ছাদে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্টেশনে থাকা যাত্রীরা।
রেলওয়ে জিআরপি থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। তবে জিআরপি পুলিশের ধারণা, ওই যুবক ছাদে ভ্রমণ করতে গিয়ে পথের কোনো এক জায়গায় দুর্ঘটনার শিকার হন।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম ফজলুর রহমান জানান, শুক্রবার (১৯ জুন) সকালে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।