সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান

২০ জুন, ২০২৬

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান।

শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে আমাদের অসচেতনতার কারণে। একটু অবহেলায় মূল্যবান প্রাণ ঝরে যায়। তেমনি একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধা ওসমানকে। সে ছিল কর্মঠ ও রাজনৈতিক সচেতন যুবক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই না এভাবে আর কোনো প্রাণহানি ঘটুক। অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। 

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, ফরিদুল হক লিটন।

উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।