২১ জুন, ২০২৬
ফেনীর পরশুরামে রোগী বহনের ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ২ কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি কার্টন থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শনিবার সকালে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোডের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্সসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্সচালক জসিম উদ্দিন (৫১) এবং পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।
পরশুরাম মডেল থানা পুলিশ জানায়, একটি অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ এই ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচ কার্টনে মোট ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৮৭ দশমিক ৭৫ লিটার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া জব্দকৃত অ্যাম্বুলেন্সের মূল্যসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মাদক কারবারিরা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার যানবাহন ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।