কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

২১ জুন, ২০২৬

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেলকে হাসপাতালে নিয়ে আসা ভবনের মালিক মো. শরীফ জানান, ভবনের পেছন দিকে তৃতীয় তলায় মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোজাম্মেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালাইবেশর বরইতলা গ্রামের আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে শ্যামপুর এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।