২১ জুন, ২০২৬
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে লক্ষ্মীপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুমারির ফলাফল এবং এর গুরুত্বপূর্ণ দিকগুলো বিভিন্ন অংশীজনের কাছে তুলে ধরতে সেমিনারটি আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, পরিসংখ্যান ব্যুরো লক্ষ্মীপুরের উপ-পরিচালক মো. কামাল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, সবার সহযোগিতায় সঠিক শুমারি ও তালিকার মাধ্যমে রাষ্ট্রকে আরো শক্তিশালী করা সম্ভব।
পরে জেলার মৌলিক পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার তথ্য, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সেক্টরভিত্তিক কর্মে নিয়োজিত (বসবাসকারী) জনসংখ্যাসহ বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যানুযায়ী জেলায় মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন, এক দশকে অর্থনৈতিক প্রতিষ্ঠান ১০ লাখ ৭ হাজার ৮৭টি থেকে বেড়ে ১৪ লাখ ১ হাজার ২০২টি হয়েছে।
এছাড়া কৃষিতে ৪২ শতাংশ, শিল্পে ১১ শতাংশ ও সেবায় ৪৭ শতাংশ জনসংখ্যা নিয়োজিত থাকার তথ্য উঠে এসেছে।