২১ জুন, ২০২৬
বরিশাল নগরীতে পুলিশের অভিযানের সময় গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ রাশেদ খান মেনন নামে এক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন দলটির বরিশাল মহানগরের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তার বাসায় পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যান।
কিছু সময় পর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সোহেল খান জানান, নামাজ শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন পুলিশ তাদের বাড়িতে এসেছিল। পরে খবর পান তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পুলিশের অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে রাশেদ খান মেনন বাড়ির পাশের দেয়াল টপকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল।
তবে তাকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, রাশেদ খান মেননের হৃদরোগজনিত সমস্যা ছিল এবং তার হার্টে দুটি রিং বসানো ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে