২১ জুন, ২০২৬
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় জয়নাল আবেদিন (২৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকালে পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই এই ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই এলাকায় স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
পরিবারের সদস্য ও স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগ, শনিবার রাতে জয়নাল স্কুলের দিকে গেলে তাকে চোর সন্দেহে আটকে রাখা হয়। এরপর নিরাপত্তায় দায়িত্বরত ব্যক্তিরা তাঁকে কিলঘুষির পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে। রাতভর নির্যাতনে তার মৃত্যু হয়। রবিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
এসময় তার স্বজন ও প্রতিবেশিরা সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা কিছু সময় পুলিশের গাড়িও অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, পুলিশ নিহত জয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরমধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণও জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।