বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ জুন, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সজিব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব বেপারী ওই গ্রামের হাফেজ বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সজিব নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রবিবার সকালে বাজিতপুর গ্রামের একটি ঘন ও পরিত্যক্ত বাঁশঝাড়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।