নিরাপত্তা চেয়ে আদালতে মিমি চক্রবর্তী

২১ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থাকতেই মিমি চক্রবর্তীর সঙ্গে দ্বন্দ্ব শুরু বিজেপি নেতা তনয় শাস্ত্রীর। মমতার পতন হতে তা যেন আরও জেঁকে বসেছে। এবার নিরাপত্তা চেয়ে হাই কোর্টে মিমি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মিমি। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার মামলার শুনানির কথা। বসে নেই তনয়ও। বিচার চাওয়ার পাশাপাশি মিমিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মিমিও পাঠান আইনি নোটিশ। এবার সুরক্ষা চেয়ে হলেন আদালতের দ্বারস্থ। 

মিমির সঙ্গে তনয়ের দ্বন্দ্বের শুরু গেল ২৫ জানুয়ারি। সেদিন বনগাঁর এক আয়োজনে সময়মতো উপস্থিত হতে না পারায় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় অভিনেত্রীকে। ঘটনার পর ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মিমি। 

তার অভিযোগের প্রেক্ষিতে তনয়কে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। ৩০শে জানুয়ারি তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পরে ১২ ফেব্রুয়ারি জামিন পান তনয়। মুক্ত হয়েই মিমির নামে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন। তারিখের পর তারিখ আদালতে উপস্থিত হননি মিমি। এমন অভিযোগ এনে তনয়ের আইনজীবী চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে। এরপরই নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ নায়িকা।