মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ

২২ জুন, ২০২৬

দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রবিবার (২১ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, “গবেষণার ফলাফল মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে দিতে হবে এবং দেশের মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ আরও জোরদার করতে হবে।” 

গবেষণা কার্যক্রমকে সময়োপযোগী ও বাস্তবমুখী করার পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরু আরোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, “খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাতের অবদান আরো বাড়াতে হবে। এজন্য গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি হস্তান্তরের কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।”

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ডের কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার তাগিদ দেন।