২২ জুন, ২০২৬
শেয়ারবাজার কারসাজি রোধে রিয়েল টাইম নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠককালে এই নির্দেশ দেয় কমিশন।
রবিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার নাফিজ আল তারিক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম, বিএসইসির নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিতকরণ এবং সকল ধরণের অনিয়ম-কারসাজি রোধের উপর গুরুত্বারোপ করা হয়। বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসই থেকে নেওয়া নানা ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়।
বৈঠকের বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকরি পুঁজিবাজার গড়তে বিএসইসি বদ্ধ পরিকর। সকল ধরণের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার উপর বিশেষভাবে জোরারোপ করা হয়। একইসঙ্গে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।