২২ জুন, ২০২৬
বরিশালের মেহেন্দিগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই।
রোববার (২১ জুন) জোহর নামাজের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে ঘটে এই হত্যাকাণ্ড। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় ঘাতক বড় ভাই হারুন সরদার।
নিহত নজরুল সরদার (৪০) ও অভিযুক্ত হারুন সরদার ১নং ওয়ার্ড এর মৃত কাঞ্চন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৈতৃক জমি বন্টনের পর বড় ভাইয়ের জমির সঙ্গে কিছু খাস জমি ছিল যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ভোগ করত। একই জমি বাকি দুই ভাইও দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে। রোববার সকালে ছোট ভাই সেই জমিতে বেড়া দেন। এতে ক্ষুব্ধ বড় ভাই হারুন সরদার নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে জখম করে। এসময় তার হাতে, পায়ে ও পেটে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও অবনতি হওয়ায় সেখান থেকে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যায় তিনি।
মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আমরা সবাই জোহরের নামাজ পড়ছিলাম। তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পেছনে চিৎকার শুনতে পাই। আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখি, হারুন সরদার পশু জবাই করার একটি লম্বা ছুরি দিয়ে নজরুলকে পায়ে, হাতে এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। আমরা বাধা দিতে গেলে সে চারদিকে ছুরি ঘোরাতে থাকে। এসময় মাওলানা কবির নামে একজন আহত হয়েছেন।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।