কুয়াকাটায় বিদেশি মোড়কে মানহীন পণ্য বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২২ জুন, ২০২৬

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিদেশি মোড়কে দেশীয় মানহীন আচার ও চকলেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারসংলগ্ন রাখাইন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮)। তাদের মালিকানাধীন ‘কুয়াকাটা এন্টারপ্রাইজ’ এবং ‘আয়াত পার্সেল হাউজ অ্যান্ড বার্মিজ শপ’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিদেশি মোড়ক ব্যবহার করে দেশীয় মানহীন আচার ও চকলেট বিক্রির মাধ্যমে পর্যটকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের স্বার্থ রক্ষায় এবং ভোক্তা প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।