পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

২২ জুন, ২০২৬

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল। ওই টাকা পরিশোধে দেরি হওয়ায় কয়েক দিন আগে তার সঙ্গে ছাইদুর রহমান, মামুন, সুমন, হিমেলসহ কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে সোমবার সকাল ৯টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, গুরুতর অবস্থায় রাসেল মিয়াকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাসেলকে মারধর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি পারিবারিক মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ বিষয়ে প্রতিপক্ষ পুলিশকে খবর দিয়েছিল বলেও জানা গেছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।