মাওয়া-ঢাকা সার্ভিস রোডে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

২৩ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফ হোসেন (২৮)। তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার করিম শেখের ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী নারী নিমতলা অটোস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় করে ষোলঘর পাকিরাপাড়া বটতলা এলাকায় যান। সেখানে পৌঁছে চালক আরিফ আশপাশে লোকজন না থাকার সুযোগে অটোরিকশা থামিয়ে ভুক্তভোগীকে নামতে বলেন। পরে তার মুখ চেপে ধরে মাওয়া-ঢাকাগামী সার্ভিস রোড-সংলগ্ন একটি ধইঞ্চাক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে মূল সড়কে উঠে আসেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে।

পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।