টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল মহড়া

২৩ জুন, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা। 

আজ সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে এক মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া এশিয়া পেট্রলপাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। 

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে যুবদল নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদেরকে দখল করতে দেওয়া হবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।