২৩ জুন, ২০২৬
নরসিংদীর ঘোড়াশালে চলন্ত ট্রেনের ধাক্কায় খাদে পড়েছে একটি ট্রাক। এতে ট্রাকের চালক আহত হয়েছেন। আর ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে পলাশ উপজেলার চামরাব এলাকার রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর গোধূলি ট্রেন রেল ক্রসিং করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি ছিটকে পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জিনারদী রেল স্টেশনের মাস্টার বরকত হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুইস পাইপ ভেঙে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ডাউন লাইনে সিলেট-চট্টগ্রামগামী যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে আপলাইন দিয়ে যোগাযোগ সচল রয়েছে।
ক্ষতিগ্রস্ত ইঞ্জিন মেরামতের কাজ চলছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।