মিরপুরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

২৩ জুন, ২০২৬

ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীদের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

তিনি আজ (মঙ্গলবার) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কতৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামীলীগ সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিলো। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালী ও মাফিয়াতন্ত্রীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু বাকশাল পতনের ২ বছর অতিক্রান্ত হলেও এ ফ্যাসিস্ট দলের কোনো নেতা কর্মীর বিচারই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারও হুমকীর মুখে ঠেলে দেয়া হচ্ছে।

সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে আওয়ামী জোটের সাবেক মন্ত্রী সন্ত্রাসী হাসানুল হক ইনু আদালতে হুমকি দিয়ে কথা বলার সাহস পাচ্ছেন। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো:  শহিদুল্লাহ ও শাহ আলম তুহিন প্রমূখ।