কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

২৪ জুন, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

মঙ্গলবার ঢাকায় আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি।

তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এদেশ এবং জনগণের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের বাজেটে দুঃস্থ, অসহায়, অস্বচ্ছল দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে এবং সামাজিক সুরক্ষা খাতে গতবারের তুলনায় দ্বিগুণ বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সকল ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু ব্ক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মজিবুর রহমান।

সমাজকল্যাণ মন্ত্রী এ সময় স্ট্রোকে আক্রান্ত ৪০০ জন ও প্যারালাইজড রোগীদের ১০০ জনকে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালে দরিদ্র রোগীরা সেবা নিতে আসেন বেশি। এই দরিদ্র রোগীদের সেবা ও সুচিকিৎসা দিতে হবে। তাদের আর্থিক সাশ্রয়ের দিকেও খেয়াল রাখতে হবে, যাতে রোগীরা সেবা পেয়ে আপনাদের এবং হাসপাতালের সুনাম মানুষের কাছে তুলে ধরতে পারে।