নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

২৪ জুন, ২০২৬

ক্ষমতায় আসার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথমবারের মতো একযোগে চট্টগ্রামের রাজপথে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। এতে শুধু নেতাকর্মী নয়, সরব ছিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনও।

নেতাকর্মীরা বলছেন, এতদিন ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে ছিলাম। এবার দেশ ও জাতির নিরাপত্তার জন্য এবং দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠে নেমেছি।

জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সোমবার রাত থেকে সতর্ক অবস্থানে ছিল পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুপুরে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচিতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশবিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

এদিন ভোরে নগরীর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি। আমার মনে হয় না, এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারো উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়। আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি।

এদিন নগরীর কাজীর দেউড়ি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ‘পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন। 

এছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না। 

নগরীর খুলশী এলাকায় থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশকাত উদ্দিন, এমইএস কলেজ ছাত্রদলের শাহাজাহান মোহাম্মদ সাগর, ইয়ামিন, মেহেজাবিন, রাইসাসহ নেতাকর্মীরা।