২৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করছেন থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
এর আগে সোমবার দুপুরে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিন উজ্জল (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ড ও মিছিলের পরিকল্পনা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্যরা পালিয়ে যান।
মামলায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।