২৪ জুন, ২০২৬
চীনের ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (ইউকাস) থেকে ২০২৬ সালের জন্য ‘এক্সেলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি গবেষক মো. আবু কাওসার। তিনি বর্তমানে সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজিতে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে (শিক্ষা ছুটিতে) কর্মরত আছেন।
ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অফিসিয়াল নির্বাচনি শর্তাবলীর তথ্যমতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা একাডেমিক উৎকর্ষতা, গবেষণার অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখেন, তাদের মধ্য থেকে সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন আর্থিক অনুদানসহ আনুষ্ঠানিক সনদপত্র লাভ করেন।
আবু কাওসার তার গবেষণায় ধারাবাহিক অগ্রগতি, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ, গবেষণা দক্ষতা এবং মেরিন বায়োলজি ও সংশ্লিষ্ট সামুদ্রিক বিজ্ঞান ক্ষেত্রে সক্রিয় অবদানের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই অর্জন সম্পর্কে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক। এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য একটি ইতিবাচক বার্তা। ” তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি মেরিন বায়োলজি এবং একোয়াকালচার ক্ষেত্রে উচ্চমানের গবেষণা চালিয়ে যেতে চান এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে চান।
ইউকাসের এই বার্ষিক সম্মাননা কর্মসূচি আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক পারফরম্যান্সকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশি গবেষকদের উপস্থিতি ও সক্ষমতা আরও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।