হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক

২৪ জুন, ২০২৬

হঠাৎ করেই ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা দেয় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট, যার ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে অ্যাপ ব্যবহার করতে পারেননি। তবে কিছু সময়ের অচলাবস্থার পর আবারও সচল হয় জনপ্রিয় এই দুটি প্ল্যাটফর্ম।

বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যার কারণে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা ব্যাহত হয়। এতে করে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার ২৩ জুন দিবাগত রাত ৪টার দিকে এই সমস্যা শুরু হয়।

এসময় ইনস্টাগ্রামে নতুন ছবি লোড না হওয়া, প্রোফাইল দেখা না যাওয়া, ফিড রিফ্রেশ না হওয়াসহ নানা ধরনের ত্রুটি দেখা যায়। ফেসবুকেও একই ধরনের সমস্যার অভিযোগ করেন ব্যবহারকারীরা।

যদিও অ্যাপ দুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে অনেক ক্ষেত্রেই ত্রুটি বার্তা দেখা গেছে এবং লগইন সংক্রান্ত সমস্যাও তৈরি হয়।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী বিভিন্ন সাইটের তথ্য অনুযায়ী, সার্ভার সংযোগজনিত সমস্যার কারণেই এই বিভ্রাট ঘটে। এতে ফিড আপডেট না হওয়া, টাইমলাইন রিফ্রেশে সমস্যা এবং লগইন ত্রুটি দেখা দেয়।

ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টার দিকে এবং যুক্তরাজ্যে রাত ১০টার দিকে সমস্যার শুরু হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে সেবা এবং আবারও ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে সক্ষম হন।

এর আগে গত ১২ জুনও একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সেদিন বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ব্যবহারকারীরা ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন। তখন স্ক্রিনে সরি, সামথিং ওয়েন্ট রং বার্তা দেখা যায়। পরে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।