২৪ জুন, ২০২৬
মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে এক মাদকবিরোধী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার সচেতন জনগণের ব্যানারে এ সভা ও র্যালির নেতৃত্ব দেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে এ মাদকবিরোধী র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঘোড়াচত্বর এসে এক সমাবেশ করে।এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
মাদকবিরোধী সমাবেশ ও র্যালিতে এলাকার নারীসহ বিভিন্ন স্তরের লোকজন ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।
এদিকে মাদকবিরোধী মিছিল শেষে ঘোড়াশাল শুক্কুর মিয়ার হোটেলের সামনের সড়কের ওপর শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে ২ টি ককটেল মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ১টি ককটেল বিস্ফোরণ ঘটে। অপরটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।