২৪ জুন, ২০২৬
নরসিংদীর মাধবদীতে আনন্দী চৌরাস্তায় তুলাবোঝাই একটি ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।
নিহতের নাম ইউনুস (২৬)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কৃষ্ণপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায় একটি তুলাবোঝাই ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ইউনুস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।