২৪ জুন, ২০২৬
অনলাইন জুয়া, বেটিং এবং এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষার করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির পর্যালোচনা শেষে প্রতিবেদন আকারে বিলটি আবার সংসদে উপস্থাপন করা হবে।
বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ, এসব অপরাধের জন্য দণ্ড নির্ধারণ এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে এ আইন প্রস্তাব করা হয়েছে। ”
সংসদ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত আইনে অনলাইন জুয়া ও অনলাইন বেটিং-সংক্রান্ত অপরাধের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে বিলটি পরবর্তীতে পাসের জন্য সংসদে আনা হবে।
আইনটি কার্যকর হলে অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং এ-সংক্রান্ত অপরাধ দমনে নতুন আইনি কাঠামো তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।