নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

২৪ জুন, ২০২৬

১৯৮৪ সালে মুক্তি পায় প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অব হিসেবে নির্মিত হয়েছিল। তবে বক্স অফিসে ব্যর্থতা এবং সমালোচকদের সমালোচনার কারণে এগুতে পারেনি। 

৪২ বছর পর ফের নতুন করে হাঁটতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজি। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’। ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘সুপারগার্ল’। 

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় সুপারগার্লকে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কাটে চরিত্রটি। এবার সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। ‘ছবিটি এবার পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি।  

এ সিনেমায় দেখা যাবে, পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিল না সুপারগার্লের। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বেড়ে ওঠা তার। নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখে সময় কেটেছে। 

ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে। অনেকেই এটিকে প্রচলিত সুপারগার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার এবং আবেগঘন বলে মনে করছেন। সমালোচকদের প্রাথমিক প্রতিক্রিয়াও ইতিবাচক; কেউ কেউ এর ভিজ্যুয়াল স্টাইলকে ম্যাড ম্যাক্স্র: ফিউরি রোড এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার সঙ্গে তুলনা করেছেন। 

এই সিনেমা শুধু সুপারগার্লের একক যাত্রা নয়, বরং ডিসি স্টুডিওস-এর নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনার অংশ এটি। 

সিনেমাটিতে মিলি অ্যালকক ছাড়াও অভিনয় করেছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক মুক্তির দিনেই মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।