আইডিয়াল স্কুলের অধ্যক্ষ পদে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগ

২৪ জুন, ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রেষণে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ও কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদকে এই পদে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের আরও দুজন কর্মকর্তাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বদলি করা হয়েছে। বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে সংযুক্ত এবং কুষ্টিয়া সরকারি কলেজে ইনসিটু কর্মরত অধ্যাপক লাল মোহাম্মদকে প্রেষণে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে এনসিটিবির বিশেষজ্ঞ পদে পদায়ন করা হয়েছে সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের কর্মকর্তা হিসেবে মাউশিতে ওএসডি এবং নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস কলেজে ইনসিটু কর্মরত ছিলেন। এ ছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে প্রেষণে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি ও পদায়ন হওয়া এই তিন কর্মকর্তাকে আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। 

একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএসে (পারসোনাল ডাটা শিট) লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।