২৫ জুন, ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এলাকার বাসিন্দা ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) বাড়ির পাশে অবস্থান করছিলেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, উপজেলার কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রাঘাতে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম জানান, বজ্রপাতের ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।