বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা

২৫ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই–এ এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে নিজ নিজ দলের পক্ষে চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা দুই দলের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।