আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

২৫ জুন, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে। “বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব” স্লোগানকে সামনে রেখে আজ ২৪ জুন ২০২৬, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জুডো প্রতিযোগিতার ছাত্র বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪টি স্বর্ণপদক অর্জন করে। রিয়াজ উদ্দিন (-৫৫ কেজি), শামসুদ্দোহা সৌরভ (-৬৬ কেজি), রাজু আহমেদ (-৭৩ কেজি) এবং আব্দুল্লাহ আল সাদিক (-৯০ কেজি) স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ৪টি রৌপ্য ও ৩টি তাম্রপদক অর্জন করে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক এবং ৩টি তাম্রপদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে দিপু দেওয়ান (-৮১ কেজি) স্বর্ণপদক অর্জন করেন।

ছাত্রী বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ২টি স্বর্ণপদক অর্জন করে। অবনিকা (+৭৮ কেজি) এবং সাদিয়া ইসলাম বকুল (-৪৮ কেজি) স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ৪টি রৌপ্য ও ২টি তাম্রপদক অর্জন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ১টি তাম্রপদক লাভ করে।

প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবির।

এর আগে সকালে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল মামুন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো দলের ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম. জাকারিয়া এবং জুডো ও কারাতে ইনচার্জ নয়না চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।