ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

২৫ জুন, ২০২৬

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের পর পাকিস্তানের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। জ্যোতিদের সামনে এবার শক্তিশালী দল ভারত, এরপর দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সোবহানা মোস্তারি বলেছেন, ‘আমরা এখন ভালো পজিশনে আছি। পরের দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দলের অবস্থান এখন অনেক ভালো, জেতার পর দলের মনোভাব অন্যরকম থাকে। আমরা চেষ্টা তো অবশ্যই করব, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ (জেতার এবং সেমিতে যাওয়ার)।’

ব্যাটিংয়ের দিক থেকে মোস্তারি দিয়েছেন উন্নতির তাগাদা, ‘নেদারল্যান্ডসের সাথে পাওয়ারপ্লেটা আসলেই ভালো করেছিলাম। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সেভাবে খেলার আমাদের অভিজ্ঞতা নেই। বিশ্বকাপে এলে তাদের সাথে খেলা হয়। এখানে অভিজ্ঞতার একটু ঘাটতি ছিল, যা অস্ট্রেলিয়া ম্যাচে দেখা গেছে।’

‘পাকিস্তান ম্যাচে পরপর উইকেট যাওয়ায় সেভাবে চার্জ করতে পারিনি। তবুও মিডলঅর্ডার এবং স্বর্ণা দারুণ ফিনিশ করেছে। কেউ না কেউ ভালো করছে। প্রথম ম্যাচে টপঅর্ডার ভালো করলেও মিডলঅর্ডার ভালো করতে পারেনি। পরের দুই ম্যাচ জিততে প্রতিটি বিভাগে ভালো খেলতে পারলেই জেতার সম্ভাবনা থাকবে’—যোগ করেন মোস্তারি।

স্বর্ণাকে কি আরেকটু আগে নামানো যায়? প্রশ্নের জবাবে মোস্তারি বলেন, ‘নরমালি স্বর্ণা আমাদের দলে ছয়েই খেলে। ওই পজিশনে সে অভ্যস্ত। সে যেভাবে ব্যাট করে আসছে, সে এখানেই অভ্যস্ত যে কম বলে বেশি রান করতে হবে। চার এবং পাঁচে আমি এবং জ্যোতি আপু খেলি তাই সে ছয়ে ব্যাট করে।’

মোস্তারি আরও বলেন, ‘আগের ম্যাচে শুরুতে উইকেট চলে যায়, ওই জায়গায় হ্যান্ডেল করার জন্য রিতু মনিকে নামানো। প্ল্যানিংটাই সেভাবে ছয়ে খেলানোর। যদি তাকে সেভাবে অনুশীলন করে প্রস্তুত করা হয় সামনে হয়ত আগে নামানো হতে পারে, ৯-১০ ওভারে হয়ত নামানো যাবে।’

নারীদের ক্রিকেটে ভারত অনেকটাই এগিয়ে। তবুও উত্তাপ টের পাচ্ছে বাঘিনীরা, ‘ভারত অনেক ভালো দল। এটা আমরা সবাই জানি। তবুও আমাদের মনে হয় আমাদের যে শক্তি আছে, যে প্রতিদ্বন্দ্বিতা হয়, চেষ্টা করি প্রতিদ্বন্দ্বিতা করার। পাকিস্তান ম্যাচ জেতার পর দলের মনোবল বেশ ভালো। শক্তি অনুযায়ী খেলতে পারলে ভারতকে হারাতে পারবো।’

মোস্তারি আরও বলেন, ‘(ভারত) আমাদের পার্শ্ববর্তী দেশ, সবসময় খেলাটা উপভোগ করি। ওরা যেভাবে উন্নতি করেছে, আমাদের পাশের দেশ হয়েও এত ভালো উন্নতি করেছে। ভারত পাকিস্তান যে দলের সাথেই খেলা হয়, আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে।’