২৫ জুন, ২০২৬
মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রেললাইন পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শহরের তরোয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূইয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্বজনদের সূত্র জানিয়েছে, আজ সকাল ১১টার দিকে শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন পেয়ারা বেগম। পরে দুপুর ১২টার দিকে তিনি নরসিংদী শহরের তরোয়া এলাকায় নামেন।
এ সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।