২৫ জুন, ২০২৬
রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় ২২০ পুরিয়া হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলী মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় ইত্তেফাক মোড় থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা মো. আরাফাত (২০) নামে এক যুবকের শরীর তল্লাশি করে ২২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরাফাতের বাবার নাম মো. মহিউদ্দিন ও মায়ের নাম কুহিনুর বেগম।
তার বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ৫০ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে ওয়ারী থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।