গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

২৫ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রাফি (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে বুধবার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তসলিমা আক্তার মিম ওই এলাকার হাফিজুর রহমানের মেয়ে ও রবিউল ইসলাম রাফি একই এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে দুই শিশু পার্শ্ববর্তী জাহিদুল ইসলামের পুকুরে গোসলে যায়। গোসলের একপর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।